‘জঙ্গি’ বলে অপহরণ করে চাঁদা দাবি, আটক ১
মাগুরা সদর উপজেলায় এক ইমামকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে চাঁদার দাবিতে অপহরণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে অপহৃত ইমামকে উদ্ধারসহ জনি (২২) নামে এক অপহরণকারীকে আটক করা হয় বলে জানান শালিখা থানার ওসি রবিউল ইসলাম।
আটক জনি মাগুরা সদর উপজেলার ছয়চার গ্রামের মিজানুর রহমানের ছেলে।
ওসি রবিউল বলেন, মাগুরা সদর উপজেলার কাটাখালী বাজার থেকে একটি মসজিদের ইমাম বিল্লাল হোসেনকে জঙ্গি আখ্যা দিয়ে লোকজনের সামনে থেকে ধরে নিয়ে যায় কয়েকজন।
“পরে তাকে মারধর করে বিকাশের মাধ্যমে তার পরিবারের কাছে চাঁদা দাবি করে। ঘটনার পর পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে অপহৃত বিল্লালকে উদ্ধার করে।”
এ সময় জনিকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায় বলে ওসি জানান।
বিল্লাল হোসেনের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামে।
