ময়মনসিংহে ট্রাক-টেম্পো সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহর তারাকান্দা উপজেলায় ট্রাক-টেম্পো মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও পাঁচজন।
শুক্রবার বেলা আড়ইটার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের কাটনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান তারাগঞ্জ থানার ওসি মাজহারুল হক।
নিহতরা হলেন নাজিম উদ্দিন (৪৫) ও রফিকুল ইসলাম (৩২)।
আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে অন্য দুইজনকে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি ট্রাক হালুয়াঘাটের দিকে যাওয়ার পথে কাটনি এলাকায় টেম্পোর মুখোমুখি হয়।
“ট্রাকের আঘাতে টেম্পোর দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন পাঁচজন। তাদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।”
পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।
