২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘বোমা বিস্ফোরণে’ মাদ্রাসাছাত্র আহতের খবর

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বোমা বানানোর সময় বিস্ফোরণে এক মাদ্রাসাছাত্রের আহতের খবর দিয়েছে স্থানীয়রা। 

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 08:33 PM

Updated : 20 Aug 2022, 01:13 PM

পুলিশ বিষয়টি শুনেছে বললেও বিস্তারিত কিছু জানাতে পারেনি।

শুক্রবার দুপুরে লাউয়াছড়া চা বাগান সংলগ্ন ফুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

ফুলবাড়ি চা বাগানের ১ নম্বর বস্তির চাঁন মিয়া ওরফে চান্দু মিয়ার ছেলে রজব মিয়া (১৭) আহত হন বলে স্থানীয়রা জানান। রজব মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দৌলতকান্দির এক মাদ্রাসার ছাত্র।

বাগানের চা শ্রমিক খলিল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুম্মার নামাজের পর নিজ বাড়িতে হাতবোমা বানানোর সময় বিস্ফোরিত হলে রজবের হাতের একটি আঙুল উড়ে যায়।

“ঘটনার পর চা বাগানের বস্তির লোকজনের মাঝে আতঙ্ক তৈরি হলে চাঁন মিয়া গোপনে তার ছেলেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।”

ফুলবাড়ি চা বাগানের সুফিয়া বেগম বলেন, “বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে। প্রথমে আমরা ভেবেছিলাম, হয়ত কোনো বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিষ্ফোরণ হয়েছে। পরে জেনেছি চাঁন মিয়ার ঘরে এ ঘটনা ঘটেছে।”

তিনি বলেন, চাঁন মিয়ার মাটির দেয়ালের টিন শেডের ঘরের আলামত নষ্ট করতে সেখানে নতুন করে মাটি দিয়ে লেপে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফুলবাড়ি চা বাগানের ব্যবস্থাপক শাহারিয়ার সুমন বলেন, “আমরা আগে কছুই জানতাম না। আজই শুনলাম।”    

মৌলভীবাজার পুলিশ সুপার মো. শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে মৌলভীবাজার সদর সার্কেল এ এস পি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তদন্তের পর বিস্তারিত জানানো হবে জানান তিনি।