টাঙ্গাইলে কভার্ডভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইলের বাসাইলে কভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও ১৪ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর আলম।
পুলিশ হতাহত কারও পরিচয় জানাতে পারেনি।
এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি কভার্ডভ্যান ও উত্তরবঙ্গমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় করাতিপাড়া বাইপাস এলাকায়।
“এতে ঘটনাস্থলেই কভার্ডভ্যান চালক মারা যান।”
দুর্ঘটনায় ট্রাকচালকসহ ট্রাকের ১৫ যাত্রী আহত হলে তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে আরও দুইজন মারা যায় বলে জানান চিকিৎসক মোজাহিদুল ইসলাম।
অপরদিকে একই সড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গার ডরিন পাওয়ারের কাছে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ঘে একজন আহত হলে তাকেও ওই হাসপাতালে ভর্তি করা হয়।
এসব দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের কবলে পড়ে।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. শহীদুর রহমান বলেন, দুটি দুর্ঘটনার পরপর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পুলিশ যানজট নিরসন করে বলে তিনি জানান।
