১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় গ্রেপ্তার ২ ‘জেএমবি’ রিমান্ডে

পাবনার সুজানগর থেকে গ্রেপ্তার দুই সন্দেহভাজন জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2016, 05:53 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

সোমবার আমলী আদালত-৪ এর বিচারক রেজাউল করিম এ আদেশ দেন।

সুজানগর থানার ওসি নূর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শনিবার ভোররাতে সুজানগর পৌর এলাকার পালপাড়ার একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই ‘জেএমবি’ সদস্যকে আটক করা হয়।

এরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাঙ্গলা গ্রামের সাবান আলী আকন্দের ছেলে ওমর ফারুক ও সুজানগর উপজেলার গগনপুর গ্রামের খন্দকার আব্দুল গণির ছেলে সানাউল্লাহ।

ওসি বলেন, পুলিশ আটককদের কাছ থেকে বেশকিছু জিহাদি বই ও হাতবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

“ওই ঘটনায় সুজানগর থানার এসআই জাকারিয়া বাদী হয়ে আটক দুই জনসহ ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ১৫/১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।”

ওসি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা সুজানগর থানার এসআই জাকারিয়া এ দুই জেএমবি সদস্যকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করে।