নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা, আটক ৬
নড়াইলের লোহাগড়ায় নির্বাচন নিয়ে বিরোধের সংঘর্ষের সময় একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
রোববার উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামে এ সংঘর্ষ হয় বলে লোহাগড়া থানার ওসি বিপ্লব সাহা জানান।
নিহত নূর ইসলাম (৪৫) চর আড়িয়ারা গ্রামের মোকলেস শেখের ছেলে।
এ ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, জয়পুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে বিজয়ী চেয়ারম্যান আক্তার হোসেন ও পরাজিত প্রার্থী শরিফুল ইসলামের সমর্থকদের সংঘর্ষ বাধে।
“প্রতিপক্ষরা নবনির্বাচিত চেয়ারম্যান পক্ষের সমর্থক নূর ইসলামকে কুপিয়ে হত্যা করে।”
ওসি বিপ্লব সাহা বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে ছয় জনকে আটক করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।
