বরিশালে মাইক্রোর ধাক্কায় কিশোর নিহত
বরিশালের উজিরপুর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় এক কিশোর মারা গেছে। একই উপজেলায় পৃথক আরেকটি দুর্ঘটনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে পাঁচজন।
শনিবার সকালে জয়শ্রী এলাকায় মো. সিয়াম (১৩) নিহত হয়।
সিয়াম ওই এলাকার আসলাম হাওলাদারের ছেলে ও সাতলা এসএম মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
পরিবারের বরাত দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, ঢাকা-বরিশাল মহাসড়ক পার হওয়ার সময় বরিশালমুখী একটি মাইক্রোবাস সিয়ামকে ধাক্কা দেয়। গুরুতর আহত সিয়ামকে হাসপাতালে ভর্তি করার কিছু সময় পর তার মৃত্যু হয়।
উজিরপুর থানার ওসি গোলাম সরোয়ার জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল এলাকায় দুটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণে প্রায় ৩০ মিনিট ঢাকা-বরিশাল মহাসড়কে যান চালাচল বন্ধ থাকে বলে তিনি জানান।
