দিনাজপুরে সড়কে প্রাণ গেল শিশুর
ঈদের ছুটিতে দিনাজপুরের বীরগঞ্জে বাস খাদে পড়ে এক শিশু নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১৬ জন।
শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার সুজালপুরের চাকাই যদুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে বীরগঞ্জ থানার এএসআই উত্তম কুমার জানান।
নিহত রুপা (৫) কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে। তার লাশ পরিবারকে হস্তান্তর করেছে পুলিশ।
আহতদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি দিনাজপুর, টাঙ্গাইল ও পঞ্চগড়ের বিভিন্ন এলাকায়।
এরা হলেন, কামাল হোসেন (৩৫), অজিউল ইসলাম (৩৮), শহীদুল ইসলাম (৪৫), অহিদুল ইসলাম (২৫), নগেন্দ্র রায় (২২), রেজিয়া বেগম (৫০), ফারুক (১২), দুলাল হোসেন (৩৫), শহীদুল ইসলাম (২৪), শহর আলী (১৮), মিজানুর রহমান (৩২), ফয়জুল ইসলাম (৩৫), রুনা (২০), রনি (৭), হাতেম আলী (৩৫) ও আব্দুল করিম (৭০)।
এএসআই উত্তম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী তিশা এন্টারপ্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় পিছন থেকে আরেকটি বাসের ধাক্কায় ওই বাসটি খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয়রা প্রায় ঘণ্টা দিনাজপুর-পঞ্চগড় সড়ক অবরোধ করে রাখে বলে জানান তিনি।
