Published : 03 Jul 2016, 09:49 PM
গ্রেপ্তার মুনস্তাসির আলম মেহেদী ওরফে অনিন্দ্য বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি শফিকুল আলম লাট্কুর ছেলে।
শনিবার রাতে নগরীর কাদিরগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম।
তিনি বলেন, অনিন্দ্যকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শিক্ষক রেজাউল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে মহানগর মুখ্য হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঈদের ছুটির পরে রিমান্ড আবেদনের শুনানি হবে বলে জানান তিনি।
গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিন নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ।
এ হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করলেও পুলিশ আঙুল ছিল জেএমবির দিকে।