বগুড়ায় দুই শিশুর ঝগড়ায় মাইক্রো চালক খুন
বগুড়ার গাবতলীতে দুই শিশুর ঝগড়ায় খুন হয়েছেন এক যুবক।
নিহত দেলোয়ার হোসেন (২৮) গাবতলী থানার নারুয়ামালা ইউনিয়নের চক কাতুলী গ্রামের আব্দুল মিয়ার ছেলে। তিনি মাইক্রোবাস চালক ছিলেন।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে চক কাতুলী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান গাবতলী মডেল থানার ওসি শাহিদ মাহমুদ।
এ ঘটনায় এলাকার আলম (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
ওসি বলেন, তুচ্ছ বিষয় নিয়ে গ্রামের আলম মিয়ার ছেলের সঙ্গে দেলোয়ারের ভাইয়ের ঝগড়া হয়। এর জেরে দুইপক্ষ বিবাদে জড়িয়ে পড়লে আলম লোকজন নিয়ে দেলোয়ারের বাবা আব্দুল মিয়াকে মারধর করে।
“এ সময়ে দেলোয়ার বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিপক্ষ ফলা দিয়ে তাকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
