খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ
প্রায় ৪০০ কোটি টাকার এ প্রকল্পে তৈরি হবে পাঁচটি ভবন।
খাগড়াছড়িতে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ।
রোববার বিকালে জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় কলেজটির পাঁচটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বলে জানান খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রিসলি চাকমা।
কলেজটির নাম রাখা হয়েছে ‘খাগড়াছড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ’।
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের হাত ধরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এ জেলায় ইঞ্জিনিয়ারিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। চট্টগ্রাম বিভাগে শুধু খাগড়াছড়িতেই এ ধরনের একটি কলেজ হচ্ছে।”
ওয়াদুদ ভূইয়া বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীরা এ কলেজে পড়ার সুযোগ পাবেন। এখান থেকে উচ্চশিক্ষা নিয়ে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।”
কলেজটি চালু হলে জেলার শিক্ষাক্ষেত্রে বড় পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রিসলি চাকমা বলেন, “কলেজটিতে ১০ তলার তিনটি একাডেমিক ভবন এবং ছয় তলার দুটি ছাত্রাবাস নির্মাণ করা হবে। এতে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ২০২৮ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। ছাত্র ও ছাত্রীদের আবাসনের জন্য মোট ৭০০ আসনের ব্যবস্থা থাকবে।”
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার ও ঠিকাদার এস বিকাশ ত্রিপুরা উপস্থিত ছিলেন।
