বাগেরহাটে হত্যা মামলায় আ. লীগ নেতা কারাগারে
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ নেতা এক ইউপি চেয়ারম্যানকে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার বিচারিক হাকিম আসিফ আকরামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত কাজী মোহম্মদ মহসিনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
কাজী মোহম্মদ মহসিন (৪৫) ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নলধা মৌভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
গত ৫ জুন ফকিরহাটের ব্রক্ষ্মডাঙ্গায় হাফিজুল সরদার (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। ওই হামলায় আহত হন আরও দুজন। পরে হামলাকারীরা তিনটি বাড়িও ভাংচুর করে।
পরদিন নিহতের বড় ভাই আজিজুর রহমান বাদী হয়ে চেয়ারম্যান কাজী মহসিনকে প্রধান আসামিসহ ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ৮/১০ জনের বিরুদ্ধে ফকিরহাট থানায় হত্যা মামলা করেন।
মামলার বরাত দিয়ে ফকিরহাট থানার ওসি বজলুর রহমান বলেন, গত ৫ জুন নলধা গ্রামের হাফিজুল সরদার (২৬) ও ইমরান খান (১৭) ব্রক্ষ্মডাঙ্গা দিয়ে হেঁটে যাওয়ার সময় চেয়ারম্যানের ৩০/৩৫ জন সমর্থক ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।
পরে হামলকারীরা আড়ুয়াডাঙ্গা গ্রামের খলিলুর রহমান, আবুল হোসেন ও জালাল উদ্দিনের বাড়িতে ভাংচুর করে এবং খলিলকে কুপিয়ে মারাত্নক জখম করে মামলায় অভিযোগ করা হয়।
হামলায় হাফিজুল, ইমরান ও তার বাবা খলিলুর রহমান (৫৭) গুরুতর আহত হন। ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন। হাফিজুল নলধা গ্রামের আতিয়ার সরদারের ছেলে।
এই ঘটনায় এর আগে পুলিশ এজাহারভুক্ত আসামি সাঈদ সরদার ও আল আমিনকে গ্রেপ্তার করেছে।
