নওগাঁয় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
নওগাঁ সদর উপজেলায় নিখোঁজের চার দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার উপজেলার শিমুলিয়া আনন্দ বাজার গ্রাম থেকে তার মাটি চাপা লাশ উদ্ধার করা হয় বলে জানান সদর মডেল থানার ওসি মো. জাকিরুল ইসলাম।
নিহত তুহিন সরদারের (৩৫) বাড়ি উপজেলার শিমুলিয়া আনন্দ পাড়া গ্রামে।
ওসি জাকিরুল বলেন, মঙ্গলবার বিকালে গরু কেনার উদ্দেশে ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন তুহিন। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ঘটনাটি পুলিশকে জানালে সন্দেহভাজন হিসেবে এলাকার হাসেন আলী (৩৮), শুকরা হোসেন (২৭) ও শাহীন আলমকে (৩০) আটক করে।
“জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে হাসেন আলীর বাড়িতে মাটির নিচ থেকে তুহিনের লাশ উদ্ধার করা হয়।”
টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশে তুহিনকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।
