বাগেরহাটে নির্বাচনী বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
বাগেরহাটের ফকিরহাটে নির্বাচনী বিরোধে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
রোববার বিকালে উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের ব্রহ্মডাঙ্গা গ্রামে এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে বলে জানান ফকিরহাট থানার ওসি বজলুর রহমান।
নিহত হাফিজুল সরদার (২৬) নলধা গ্রামের আতিয়ার সরদারের ছেলে। তিনি নলধা মৌভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আজহার আলী মোড়লের সমর্থক ছিল।
আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে হামলাকারীরা তিনটি বাড়িও ভাংচুর করে বলে জানান তিনি।
ওসি বজলুর বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ প্রার্থী কাজী মো. মহসীন ও বিদ্রোহী প্রার্থী আজহার আলী মোড়লের বিরোধ চলছিল। এর জেরে আজহারের সমর্থক হাফিজুল ও ইমরান খান ব্রহ্মডাঙ্গা দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রতিপক্ষের ৩০/৩৫ জন ধারাল অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।
“পরে হামলকারীরা আড়ুয়াডাঙ্গা গ্রামের খলিলুর রহমান, আবুল হোসেন ও জালাল উদ্দিনের বাড়িতে ভাংচুর করে এবং খলিলকে কুপিয়ে জখম করে।”
গত ২২ মার্চ নলধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কাজী মো. মোহসীন বিজয়ী হন।
