শেরপুরে চিকিৎসকদের ধর্মঘটে বিপাকে রোগীরা
রোগীর জীবন রক্ষায় চিকিৎসক ও নার্সদের কাজের সময়ে ধর্মঘট বন্ধের ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে হাই কোর্টের রুল জারির মধ্যেই ভুল চিকিৎসার অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক শরীফুল ইসলামের মুক্তির দাবিতে ধর্মঘট করছে শেরপুরের চিকিৎসকরা।
জেলার বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের ধর্মঘট সোমবার চতুর্থ দিনে গড়িয়েছে। এতে বিপাকে পড়েছে রোগীরা।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ সোমবার ধর্মঘট বন্ধের ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দেয়।
গ্রেপ্তার ওই চিকিৎসককে দ্রুত মুক্তি দেওয়া না হলে সরকারি হাসপাতালগুলোতেও সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হবে বলে বিএমএ শেরপুর জেলা শাখার সভাপতি এম এ বারেক তোতা জানান।
শুক্রবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) শেরপুর জেলা শাখা বেসরকারি হাসপাতালগুলোতে এ ধর্মঘটের ডাক দেয়।
গত বছর ৬ নভেম্বর শ্রীবরদী পৌরশহরের শান ক্লিনিকে চিকিৎসক শরীফুল ইসলাম শরীফকে স্তনের ফোঁড়া দেখাতে যান উপজেলার এক নারী। ‘ক্যান্সার হয়েছে’ জানিয়ে ঢাকার শাহবাগের মডিউল জেনারেল হাসপাতালে নিয়ে ১৫ নভেম্বর তার বাম স্তন অপসারণ করেন ওই চিকিৎসক।
পরে বায়োপসি পরীক্ষায় স্তনে ক্যান্সার নেই বলে ধরা পড়লে এই নারীর স্বামী দুইজনকে আসামি দেখিয়ে মামলা করেন। এর সাড়ে চার মাস পর শেরপুরের একটি ক্লিনিক থেকে ২০ মে শরীফকে গ্রেপ্তার করে পুলিশ।
গত বছর ৬ নভেম্বর শ্রীবরদী পৌরশহরের শান ক্লিনিকে চিকিৎসক শরীফুল ইসলাম শরীফকে স্তনের ফোঁড়া দেখাতে যান উপজেলার এক নারী। ‘ক্যান্সার হয়েছে’ জানিয়ে ঢাকার শাহবাগের মডিউল জেনারেল হাসপাতালে নিয়ে ১৫ নভেম্বর তার বাম স্তন অপসারণ করেন এই চিকিৎসক।
পরে বায়োপসি পরীক্ষায় স্তনে ক্যান্সার নেই বলে ধরা পড়লে এই নারীর স্বামী দুইজনকে আসামি দেখিয়ে মামলা করেন। এর সাড়ে চার মাস পর শেরপুরের একটি ক্লিনিক থেকে ২০ মে শরীফকে গ্রেপ্তার করে পুলিশ।
নকলা উপজেলার চন্দ্রকোনার বেলায়েত হোসেন বলেন, “বৃদ্ধ মার চিকিৎসার জন্য এসে দেখি বেসরকারি হাসপাতালে ধর্মঘট চলছে। পরে সদর হাসপাতাল এসেও তেমন কোনো সেবা পেলাম না। তাই বাধ্য হয়ে এখন ময়মনসিংহ নিয়ে যাচ্ছি। ”
এদিকে ধর্মঘটের কারণে বিপাকে পড়া জেলার ওষুধ ব্যবসায়ীরাও দ্রুত এ সমস্যার সমাধান দাবি করেছেন।
শেরপুরের নারায়ণপুরের মুকুল মেডিকেলের প্রোপাইটার মো. মুকুল হোসেন বলেন, “এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসার বারোটা বাজবে। বেচাকেনা একদমই নেই। দ্রুত এ সমস্যার সমাধান করা হোক।”
