নওগাঁয় ভোট কেন্দ্রে বোমাবাজি, পুলিশসহ আহত ৫
নওগাঁর রাণীনগরে একটি ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও হাতবোমা হামলার ঘটনা ঘটছে। এতে তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছে।
শনিবার বেলা ১টার দিকে উপজেলার আল-আমিন দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনার পর ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান।
আহত রাণীনগর থানার এসআই নুর আলম, কনস্টেবল আব্দুল করিম, রুহুল ছাড়া অন্যদের নাম জানাতে পারেনি পুলিশ। তাদের নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ওসি লতিফ বলেন, “ভোট চলাকালে আওয়ামী প্রার্থী আসাদুজ্জামান পিন্টুর বেশকিছু সমর্থক আল-আমিন দাখিল মাদ্রাসা কেন্দ্রে প্রবেশ করলে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফার সমর্থকরাও কেন্দ্র ঢুকে পড়ে।
“উভয়পক্ষ কেন্দ্র দখলের অভিযোগ তুলে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ লাঠিপেটা করলে প্রার্থী সমর্থকদের ছোড়া হাতবোমা পুলিশসহ পাঁচজন আহত হয়।”
ঘটনার পরপর কেন্দ্রের আশপাশ থেকে পাঁচজনকে আটকের কথা জানালেও তাদের নাম প্রকাশ করেনি তিনি।
