১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

হাম: উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হাম ও এর উপসর্গ মিলিয়ে ১ হাজার ১৯৬ জন মারা গেছে।

হাম: উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Oct 2026, 03:41 PM

Updated : 18 Oct 2026, 03:41 PM

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২ জনে।

আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১০৪ জনের। অর্থাৎ হাম ও এর উপসর্গ মিলিয়ে ১ হাজার ১৯৬ জনের মৃত্যু হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, হামের উপসর্গে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৯১ জন মারা গেছে ঢাকা বিভাগে।

এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৯২ জন।

এছাড়া চট্টগ্রামে ১০০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৪, বরিশালে ৬৫, খুলনায় ৫০ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।

বুলেটিনে বলা হয়, একদিনে দেশের বিভিন্ন জায়গায় এক হাজার ২৫৪ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে এক হাজার ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৬৫ জনের শরীরে।

হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭৬ জন, চট্টগ্রামে ২১৬, সিলেটে ১১১, বরিশালে ১০৭, খুলনায় ৭৫, ময়মনসিংহ ৭৩, রাজশাহীতে ৩২ ও রংপুরে ৪২ জন।

বুলেটিনের তথ্য অনুযায়ী দেশে হাসপাতালে হাম ও এর উপসর্গে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন। যার মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।

এদিকে হাম উপসর্গের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ১৩ হাজার ২৪৪। যার মধ্যে ২৩ হাজার ১২২ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে।

গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না। কেবল হাসপাতালে আসা বা ভর্তি রোগীর তথ্য নথিভুক্ত করা হয়।