১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

হোমিও চিকিৎসকের স্ত্রীকে কুপিয়ে হত্যা

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় নিজ বাড়ির পাশের ডোবা থেকে এক হোমিও চিকিৎসকের স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 10:02 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

বৃহস্পতিবার বিকেলে আবুল কাশেমের (৬০) স্ত্রী মোবাশ্বেরা খাতুনের (৫২) লাশ উদ্ধার করা হয় বলে হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান।

পুলিশ লাশ উদ্ধারকালে রক্তমাখা একটি বঁটি ও ছুরি জব্দ করেছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুরে আবুল কাশেমের স্ত্রী মোবাশ্বেরা বাড়িতে একা ছিলেন।

“আবুল কাশেম বাড়িতে দুপুরের খাবার খেতে গিয়ে ঘরের সব আসবাবপত্র ছড়ানো-ছিটানো এবং মোবাশ্বেরাকে অনুপস্থিত দেখেন।”

খোঁজাখুঁজির পর আবুল কাশেম ঘরের পেছনের ডোবার পাশে মোবাশ্বেরাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বলে ওসি জানান।

মৃতদেহর পিঠে তিনটি, বুকে দুটি ও ঘাড়ে একটি কোপের চিহ্ন রয়েছে বলে তিনি জানান।

মোবাশ্বেরা ও আবুল কাশেম ব্র্যাক অফিসের কাছে নিজ বাড়িতে থাকেন। তাদের এক ছেলে ও তিন মেয়ে থাকেন পুরনো বাড়ি হাজীগঞ্জের মকিমাবাদ এলাকায়।

পুলিশ আবুল কাশেমকে জিজ্ঞাসাবাদসহ ঘটনাটি তদন্ত করছে বলে এসআই মনিরুল জানিয়েছেন।