২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক লাঞ্ছনাকারীরা ছাড় পাবে না: ইনু

নারাণগঞ্জে শিক্ষক লাঞ্ছনাকারীরা ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 04:38 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

ওই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, যারা আইন নিজের হাতে তুলে নিয়ে এই অপকর্ম করেছে তাদেরকে সরকার এক চুলও ছাড় দেবে না।

বুধবার সিলেটে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “নিজের হাতে আইন তোলার অধিকার কারও নেই। সুতরাং আমি নারায়ণগঞ্জের ওই শিক্ষককে লাঞ্ছনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।”

সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে বলেও জানান তিনি।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি স্কুলের প্রধান শিক্ষককে একদল লোক মারধর করে। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সাংসদ সেলিম ওসমান।

এ ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবির মধ্যেই মঙ্গলবার সেই শিক্ষককে চাকরিচ্যুত করে স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনায় জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমানসহ জড়িত অন্যদের ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

সাংসদ সেলিম ওসমানসহ জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে বুধবার রুল দিয়েছে হাই কোর্ট।