২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কালকিনির কালী মন্দিরে আগুন

মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি কালী মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 10:26 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির জানান, আলীনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে রোববার গভীর রাতে দুর্বৃত্তরা একটি কালী মন্দিরে আগুন দেয়।

আগুনে মন্দিরের সামনের এক-তৃতীয়াংশ পুড়ে গেছে বলে তিনি জানান।

পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ওয়ার্ডের সদস্য প্রার্থী খগেন মণ্ডল ও নান্নু মোল্লা উভয়ই ৩৪৪টি করে ভোট পেলে কাউকেই বিজয়ী ঘোষণা করতে পারেননি রিটার্নিং কর্মকর্তা।

“এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। পরে রোববার রাতে খগেন মণ্ডলের বাড়িতে ককটেল ফাটিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।”

একপর্যায়ে তারা মণ্ডল বাড়ির পাশে কালী মন্দিরে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে তিনি জানান।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।