২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোতে ধর্মঘট চলছে

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহতের ঘটনায় করা ক্ষতিপূরণের মামলা প্রত্যাহারের দাবিতে মালিক-শ্রমিকদের ডাকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘট চলছে।

মাগুরা প্রতিনিধি

ফরিদপুর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 01:44 PM

Updated : 11 Oct 2022, 08:15 PM

সোমবার সকাল থেকে ফরিদপুর, মাগুরা, যশোর, বেনাপোল, সাতক্ষীরা ও খুলনা থেকেও কোনো দূরপাল্লার যানবাহন ছাড়েনি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা জানিয়েছেন। 

ঢাকার সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে বলে ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি চৌধুরী বরকত ইবনে সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

শনিবার বিকালে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলিক কমিটির সভাপতি জুবায়ের জাকির দক্ষিণাঞ্চলের ১১টি জেলায় ৪৮ঘণ্টার ধর্মঘটের ডাক দেন।

   খুলনা বিভাগের ১০ জেলার বাস, ট্রাক, ট্রাংকলরি, কভার্ড ভ্যানসহ সকল ধরনের  যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।

সাতদিনের আল্টিমেটামে মেনে না নেওয়ায় শনিবার যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আবদুর রহিম বক্স দুদু এ ধর্মঘটের ঘোষণা দেন।

মঙ্গলবার ভোর ৬টায় ৪৮ ঘন্টার এ ধর্মঘট শেষ হবে।

২০১১ সালের অগাস্টে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহত হন। ওই সময় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে।

ফরিদপুর প্রতিনিধি জানান, দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘটের মধ্যে দূরপাল্লার গাড়ি না পেয়ে যাত্রীরা রিকশা, টেম্পো ও মাহেন্দ্রের মতো ছোট যানবাহন নিয়ে যাত্রা করতে দেখা গেছে।

মাগুরাগামী রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী সেলিনা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাড়িতে যাওয়া আমার খুব জরুরি, মা অসুস্থ, কিন্তু কীভাবে যাব বুঝতে পারছি না।”

“ব্যবসার কাজে ঢাকা যেতে হবে, কীভাবে যাব জানি না,” বলেন- হাবিব মোল্লা নামে আরেক যাত্রী।

পরিবহন শ্রমিকরা তাদের খেয়ালখুশি মতো ধর্মঘট ডাকেন বলে অভিযোগ করেন তিনি।

মাগুরা প্রতিনিধি জানান, ধর্মঘটের দ্বিতীয় দিনে মাগুরায় বাস-ট্রাক, পিকআপসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই শ্রমিকরা শহরের ঢাকারোড বাস স্ট্যান্ড, ভায়না মোড়, পল্লি বিদ্যুৎ অফিস এলাকা, বাস টার্মিনালসহ বিভিন্ন পয়েন্টে জোটবদ্ধ হয়ে সড়ক পাহারা দিচ্ছে।

তাদের অটোরিকশা, ইজিবাইক, নসিমন, করিমন এমনকি জরুরি মেডিকেল সামগ্রীর গাড়ি, অ্যাম্বুলেন্স, শিশুখ্যাদ্য ও কাঁচা পণ্যবাহী যানবাহনগুলোও আটকে রাখতে দেখা যায়।