২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার, হত্যাচেষ্টা মামলায় কারাগারে

নাটোরে নব নির্বাচিত এক ইউপি সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থককে হত্যাচেষ্টার মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 12:22 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, রোববার সকালে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের লক্ষিকোল গ্রাম থেকে নুরুজ্জামান সুরুজ মিয়া নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গত ৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ দফায় পিপরুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন সুরুজ। তিনি ওয়ার্ড যুবলীগের সদস্য বলে নলডাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম জানান।

এসআই সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নুরুজ্জামানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি ভোটের পর সহিংসতার ঘটনায়  প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর সমর্থক নাজমুল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে সুরুজকে প্রধান আসামি করে একটি মামলা হয়।    

“রোববার ভোরে ওই মামলায় সুরুজের বাড়িতে অভিযান চালিয়ে একটি ভারতীয় পিস্তল ও পাঁচটি গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”

এসআই সাইফুল বলেন, “সম্প্রতি ভারতে বেড়াতে গিয়ে সুরুজ ওই অস্ত্র ও গুলি কেনেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।”