২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিণাকুন্ডুতে নির্বাচনী সংঘর্ষে আহতের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুন্ডুর ফলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত এক যুবক এক সপ্তাহ পর হাসপাতালে মারা গেছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 04:08 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

বৃহস্পতিবার দুপুরে ঢাকায় কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোলায়েম হোসেন মন্ডল (৩৫)। তিনি ফলশী গ্রামের গোলারদ্দী মন্ডলের ছেলে।

হরিণাকুন্ডু থানার এসআই মনিরুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ফলসী ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রর্থী আওয়ামী লীগ মনোনীত বজলুর রহমান ও দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফজলুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল।

“এর জেরে নির্বাচনের দুদিন আগে গত ৫ মে সকালে ফলশী গ্রামে দুপক্ষের সমর্থকরা কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায়।”

সংঘর্ষে তারা ঢাল-সড়কি, লাঠিসোটা, রাম দা, ইট-পাটাকেল ব্যবহার করে। সংঘর্ষে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান এসআই মনিরুল।

তিনি বলেন, আহতদের মধ্যে মোলায়েম হোসেন মন্ডলকে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে নেওয়া হয় ঝিনাইদহ সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা কয়।

সেখান থেকে কমফোর্ট হাসপাতালে চিকিৎসা করা হচ্ছিল বলে জানান এসআই মনিরুল।