স্পিডব্রেকারে হোঁচট: মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকায় স্পিডব্রেকার অতিক্রম করার সময় মোটরসাইকেল থেকে পড়ে এক গৃহবধূ মারা গেছেন।
মঙ্গলবার বিকালে নিহত পিয়ারা বেগম (৩৯) রাজাহার ইউনিয়নের নওগাঁ গ্রামের আইয়ুব আলীর স্ত্রী।
গোবিন্দগঞ্জ থানার ওসি জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিয়ারা তার ছোট ভাই ফজলুল হকের মোটরসাইকেলের পিছনে বসে নিজ বাড়ি থেকে গোবিন্দগঞ্জ শহরে আসছিলেন।
“পথে কুঠিবাড়ি কালিকাডোবা মোড়ে স্পিডব্রেকার অতিক্রম করার সময় হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের উপর পড়ে গুরুতর আহত হন।”
তাকে আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান বলে ওসি জানান।
