বেড়ি বাধেঁ ভাঙন: পানিবন্দি ১২০০ পরিবার
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কপোতাক্ষ নদের বেড়ি বাঁধ ভেঙে ছয় গ্রামের প্রায় ১২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
এর মধ্যে ইতোমধ্যে ২০০ পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্র ও পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধের উপর আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানরা।
প্রবল জোয়ারের চাপে উপজেলার কোলায় রোববার ভোরের দিকে কপোতাক্ষ নদের প্রায় দুইশ ফুট বাঁধ ভেঙে যায়।
ভাঙনের পর রোববার দিনভর প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা সাকিলের নেতৃত্বে এলাকাবাসী বাঁশ ও মাটি দিয়ে বাঁধটি সংস্কারের চেষ্টা করে। সোমবারও তারা কাজ করছে।
আবু হেনা সাকিল বলেন, স্থানীয় জনগণকে নিয়ে বাঁধ সংস্কারের কাজ শুরু করেছিলাম কিন্তু রোববার দুপুরে জোয়ারে তা আবারও ভেঙে যায়।
“সোমবার সন্ধ্যার মধ্যে সংস্কার করতে না পারলে শ্রীউলা, প্রতাপনগর, আশাশুনি সদর ও শোভনালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে।”
জাকির হোসেন বলেন, প্লাবিত গ্রামগুলোর ২০০ পরিবার ঘরবাড়ি ছেড়ে কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র ও পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধের উপর আশ্রয় নিয়েছে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা বলেন, সকাল থেকে বেড়ি বাঁধটি সংস্কারের কাজ আবারও শুরু হয়েছে।
কিছু লোকজন ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলেও জানান তিনি।
আশাশুনি পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকোশলী আবুল হোসেন বলেন, “আমরা মাঠেই আছি। এক্ষুণি বাঁধ নির্মাণের মতো বাজেট না থাকায় আমার কাজ করতে পারছি না।”
