২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় শতাধিক বাড়িঘরসহ বহু মাছের ঘের ও ফসলি জমি প্লাবিত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2016, 03:33 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

শুক্রবার ভোরে প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামে বেড়িবাঁধের প্রায় একশ ফুট ভেঙে পড়ে বলে প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান।

তিনি বলেন, “এতে চাকলা গ্রামের শতাধিক পরিবার, শতাধিক মৎস্য ঘের, অনেক ফসলি জমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়।”

বারবার বলা সত্বেও পানি উন্নয়ন বোর্ড ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। তাদের গাফিলতির কারণেই এ এলাকার মানুষের এই দুর্দশা বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়দের সহায়তায় বাঁধ সংস্কারের কাজ শুরু করেছেন জানিয়ে জাকির হোসেন বলেন, চলতি ভাটাতেই বাঁধ সংস্কার করতে না পারলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হবে।

ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম রসুল বলেন, আগে থেকেই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হঠাৎ ভোর রাতে বাঁধটি নদীগর্ভে ধসে পড়ে।

সাক্ষীরার পানি উন্নয়ন বোর্ড নির্বাহীর প্রকৌশলী অপূর্ব ভৌমিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।