টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি; তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
শুক্রবার ভোরে টেকনাফের উত্তর নয়াপাড়ায় এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নয়াপাড়ার রমজান আহম্মদের পরিত্যক্ত বাড়িতে ইয়াবা বেচাকেনার গোপন সংবাদে সেখানে অভিযান চালানো হয়।
“পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি বস্তা থেকে এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা লেনদেনকারীরা পালিয়ে যায়।”
উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় তিন কোটি টাকা। ইয়াবাগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে বলে জানান রাসেল।
