মাদারীপুরে ‘স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে’ কুপিয়ে হত্যা
মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তিন দিন আগে ‘আধিপত্য বিস্তারের চেষ্টায়’ এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, বুধবার গভীর রাতে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আণ্ডারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম ওরফে কালু শিকদার (৪৫) আণ্ডারচর এলাকার সলেমান শিকদারের ছেলে। তিনি সাহেবরামপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান জামাল মোল্লার সমর্থক ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।
পুলিশ বলছে, গভীর রাতে কয়েকজন লোক এসে কালামকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান সেলিমের সমর্থকরা ‘এ ঘটনা ঘটিয়েছে বলে’ পুলিশের কাছে অভিযোগ করেছেন কালামের স্বজনরা।
ওসি কৃপা সিন্ধু বালা বলেন, “ঘটনাস্থলে প্রাথমিক তদন্তের পর পাঁচজনকে আটক করা হয়েছে। তারা আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক। নির্বাচনের মাঠে আধিপত্য বিস্তারের চেষ্টায় এ ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।”
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী কামরুল হাসান সেলিমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কালকিনির সাহেবরামপুর ইউনিয়নে আগামী ৭ মে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
