সীমানা বিরোধে ১০ স্কুলে তালা ক্লাস-পরীক্ষা বন্ধ
দুই জেলা নোয়াখালী ও লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার জেরে তালা দেওয়া ১০টি প্রাথমিক স্কুল না খোলায় সাময়িক পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থীরা।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সাথে নোয়াখালীর হাতিয়ার সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জেরে এ ঘটনার ব্যাপারে হাতিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস বলেন, “একে কেন্দ্র করে গত ১৯ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে বয়ার চরে ১০টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেয় সন্ত্রাসীরা।
এ কারণে এসব স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি বলে জানান তিনি।
নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচরে এই স্কুলগুলো হচ্ছে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাংকির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরেস্ট সেন্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহাবুদ্দিন সমাজ প্রাথমিক বিদ্যালয়, মোল্লাগ্রাম বয়ারচর প্রাথমিক বিদ্যালয়, মিরপুর প্রাথমিক বিদ্যালয়, দশদাগ আদর্শগ্রাম প্রাথমিক বিদ্যালয়, উত্তর-পশ্চিম গাবতলী অমি প্রাথমিক বিদ্যালয়, চর দরবেশ প্রাথমিক বিদ্যালয় ও মীর আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অস্ত্রের মুখে শিক্ষক ও শিক্ষার্থীদের জিম্মি করে বিদ্যালয়গুলোয় তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় হাতিয়া থানায় সাধারণ ডায়েরি করার এবং শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করার কথাও জানান ভব রঞ্জন।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোরশেদ বিডিনিউ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারের সংশ্লিষ্ট দপ্তর সমূহ সব প্রক্রিয়া শেষ করে হাতিয়ার লোকজনকে হাতিয়ার বয়ারচরে ভূমি বরাদ্দ দেয়।
এ নিয়ে রামগতির চরগাজীর লোকজন উচ্চ আদালতে রিট আবেদন করলে শুনানির পর তা খারিজ হয়ে যায়।
“এরপরও রামগতির কিছু সন্ত্রাসী অন্যায়ভাবে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান ভাংচুর ও বন্ধ করে দেয়।”
বয়ার চরে ‘বহিরাগত সন্ত্রাসীর’ ১০টি বিদ্যালয় বন্ধ করে দেওয়ার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা জানিয়ে হাতিয়া থানার ওসি এটিএম আরিছুল হক বলেন, “এ ব্যাপারে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ, নোবিপ্রবি হাতিয়া স্টুডেন্স ফোরাম, নোয়াখালীস্থ আমরা হাতিয়বাসীর ব্যানারে সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা শহর মাইজদীতে মিছিল বের করা হয়।
এর আগে শনিবার সকালে হাতিয়া বাজারে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়রা ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করে।
