বাবার অভিযোগে ছেলের কারাবাস
বাবার লিখিত অভিযোগে ফেনীর ফুলগাজীতে এক মাদকাসক্ত ছেলেকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত মো. আমির হোসেন (৩৫) ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বিজয়পুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা জানান, আমির প্রতিদিন নেশা করে বাড়ি ফিরে তার মা, বাবাসহ তার স্ত্রীকে বেধড়ক মারধর করত।
“এই যন্ত্রণা সইতে না পেরে আমির হোসেনের স্ত্রী সম্প্রতি বাবার বাড়ি চলে যায়।
“এ ঘটনায় বাধ্য হয়ে আমিরের বাবা আবুল কাশেম ফুলগাজী থানায় লিখিত অভিযোগ দেন।”
পুলিশ আমিরকে আটক করে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করে।
ফুলগাজী থানার ওসি মঈন উদ্দিন আহমেদ জানান, বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলে আমিরকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়।
