নওগাঁয় যুবকের উপর এসিড নিক্ষেপ
নওগাঁর রাণীনগরে ঘুমন্ত অবস্থায় এক যুবকের উপর অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার গভীর রাতে এ হামলায় আহত সজল হোসেনকে (২২) নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সজলের বাবা দুলাল হোসেন সাংবাদিকদের বলেন, রাতে খাবার পর ঘুমিয়ে পড়েছিলেন সজল।
“গভীর রাতে কে বা কাহারা জানালা দিয়ে তার উপর এসিড নিক্ষেপ করে। এতে তার পিঠ, ঘাড় ও হাতের কিছু অংশ ঝলসে যায়।”
তিনি বলেন, সঙ্গে সঙ্গে তাকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাতেই তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুলাল হোসেন বলেন, “জায়গা জমি নিয়ে বিরোধের জেরে আমার ভাই আবজাল হোসেন খোকার সঙ্গে বিবাদ চলছে। এ কারণে আমার ভাই ও ভাবি এটা করে থাকতে পারে।”
রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ হিল জামান বলেন, অ্যাসিড কারা নিক্ষেপ করেছে, কেন করেছে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
