‘অপহৃত’ ইউপি চেয়ারম্যান উদ্ধার, আটক ৪
‘অপহরণের’ ৫ ঘণ্টা পর নন্দলালপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান খোকনকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় কুষ্টিয়া কুমারখালী উপজেলার লাহিনী এলাকা থেকে জিয়াউরকে উদ্ধারের সময় পুলিশ চারজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন মোয়াজ্জেম হোসেন (৩২), আজিজুল ইসলাম (৩০), রতন (৩৫) ও জহুরুল হক (৪৮)।
কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান জানান, ঘটনাটি শুধুমাত্র মুক্তিপণের টাকার জন্য না অন্য কোনো বিরোধে ঘটেছে তা জানার জন্য আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে নন্দলালপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান খোকন নির্বাচনী গণসংযোগ শেষে লাহিনীপাড়া অবস্থান করছিলেন।
“এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে হাত-পা বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।”
রাতেই দুর্বৃত্তরা জিয়াউর রহমান খোকনের বাড়িতে ফোন করে ৭ লাখ চাঁদা দাবি করে এমন অভিযোগ পেয়ে ফোন কলের সূত্র ধরে পুলিশ বৃহস্পতিবার সকালে অভিযান চালায় বলে জানান ওসি।
এ ঘটনায় কুমারখালী থানায় মামলা হয়েছে।
