নিখোঁজের ৩ দিন পর আখক্ষেতে শিশুর লাশ
রাজবাড়ীর পাংশায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে পারিবারিক দ্বন্দ্বের কারণে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামে ওই শিশুর লাশ পাওয়া যায় বলে জানান পাংশা থানার ওসি আবু শামা ইকবাল হায়াৎ।
নিহত ফাহাত মণ্ডল (৭) ওই এলাকার কৃষক হাসেম মণ্ডলের ছেলে। গত শুক্রবার বিকালে নিখোঁজ হয় সে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাড়ি থেকে আনুমানিক দুশ গজ দূরে একটি আখ খেতে মাটিচাপা দেওয়া অবস্থায় ফাহাতের অর্ধগলিত লাশ ‘শেয়াল-কুকুর’ টেনে তুললে এলাকাবাসী থানায় খবর দেয়।
ওসি বলেন, ঘর তোলা নিয়ে ফাহাত ও তার সৎ ভাই রিপনের পরিবারের মধ্যে কলহ চলছিল। এর জেরে ফাহাতকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপনকে প্রেপ্তারের চেষ্টা চলছে। ফাহাতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
