০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পিরোজপুরে হত্যা মামলার আসামি নিহত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এক হত্যা মামলার আসামিকে ‘ধরে নিয়ে যাওয়ার’ পর তার লাশ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 11:04 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

শনিবার দুপুরে পলাশ হাওলাদারের (৩৫) লাশ পূর্ব জলাবাড়ি উচ্চবিদ্যালয়ের কাছ থেকে উদ্ধার করা হয় বলে নেছারাবাদ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।

পলাশ দক্ষিণ সমুদয়কাঠী গ্রামের আমির হোসেনের ছেলে।

পলাশের বাবা আমীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে চেয়ারম্যান আশীষ বড়ালের লোকজন পলাশকে পূর্ব জলাবাড়ি বাজার থেকে তুলে নিয়ে যায় বলে তিনি শুনেছেন।

তবে আলী হোসেন ডাকুয়া নামে এক ব্যক্তি নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করে বলেন, শনিবার সকাল ৯টার দিকে পলাশ ও তার দুই বন্ধু পূর্ব জলাবাড়ি উচ্চবিদ্যালয় সংলগ্ন একটি দোকানে নাশতা করতে যান।

“এ সময় এক যুবক পলাশকে ‘কথা আছে’ বলে ডেকে স্কুলের দিকে নিয়ে গেলে ১৫-২০ জন তার উপর হামলা চালায়।”

পরে তাকে পাশের একটি সেতুর উপর থেকে ফেলে দেয় বলে এই ‘প্রত্যক্ষদর্শী’ দাবি করেন।

ওসি মনিরুল বলেন, হত্যা মামলার আসামি পলাশকে পূর্বশক্রতার জের ধরে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

“এ ঘটনায় পূর্বজলাবাড়ি থেকে স্বদেশ বড়াল ও রতন রড়াল নামের দুইজনকে আটক করেছে পুলিশ।”