২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণিল আয়োজনে সারা দেশে বর্ষ বরণ

নানা রঙে, নানা রূপে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলার নতুন বছরকে বরণ করেছে দেশবাসী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 11:39 PM

Updated : 11 Oct 2022, 08:05 PM

এবার নববর্ষে নতুন মাত্রা এনেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২০ শতাংশ বৈশাখী উৎসব ভাতা। সব মহলেই বিষয়টি ছিল বৈশাখী আলোচনার শীর্ষে। এছাড়া ছিল ধর্মীয় উগ্রবাদীদের বৈশাখী অনুষ্ঠানের বিরোধিতা। এসবের মধে্যেই সারা দেশের বর্ষ বরণ অনুষ্ঠান হয়েছে জাঁকজমকপূর্ণভাবে।

খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা।

Image
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়

ভোলা প্রতিনিধি জানান, পহেলা বৈশাখ উপলক্ষে ভোলায় ঘুড়ি উৎসব হয়েছে।

সরকারি কলেজের ব্যবস্থাপনায় কলেজ মাঠের এ উৎসব আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান ভোলা কম্পিউটার। উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন।

শহরের বিভিন্ন জায়গা থেকে আসা অর্ধ শতাধিক ‘ঘুড়ি উড়ান্তক’ উৎসবে অংশ নেয়। পরে বিজয়ীদের পুরস্কার দেন কলেজের উপাধ্যক্ষ মহসিন গোলদার।  

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন আয়োজনে বর্ষ বরণ করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এরপর সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন নাসিরউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত সবার জন্য পান্তাভাত, মাছ ও ভর্তার ব্যবস্থা ছিল।

এছাড়া বাংলা বিভাগ, ইংরেজি, গণিত, কম্পিউটায় সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইন, মার্কেটিং, আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় চত্বরে অভিনব স্টল তৈরি করা হয়।

Image
নেত্রকোণা

নেত্রকোণা

বান্দরবান প্রতিনিধি জানান, শোভাযাত্রা আর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ করা হয়েছে বান্দরবানে। বৃহস্পতিবার সকালে রাজার মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে শেষ হয়।

পরে রাজার মাঠে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মারমা শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মারমাদের বর্ষবরণ নৃত্যসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে দেশি-বিদেশি পর্যটকসহ কয়েক হাজার মানুষ রাজার মাঠে আসে। অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রীসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৌদ্ধ সম্প্রদায়ের সাংগ্রাইং আর পহেলা বৈশাখের বর্ষবরণ উৎসব একই স্থানে একই সময়ে আয়োজিত হবার কারণে রাজার মাঠ পাহাড়ি-বাঙালির মিলন মেলায় পরিণত হয়। মেলায় আকর্ষণ বাড়িয়ে দেয় কৃষি মেলা। তিন দিনব্যাপী কৃষিমেলায় রাজার মাঠে বাসানো হয়েছে ৩৪টি স্টল। স্টলে বিভিন্ন দুর্লভ কৃষিপণ্য ও বীজসহ আধুনিক যন্ত্রপাতি ছিল।

কুমিল্লা প্রতিনিধি জানান, বাঙালির জীবনে ঐতিহ্যের রং আর রূপ নিয়ে এল পহেলা বৈশাখ। আবহমান বাংলার হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় বর্ণিল আয়োজনে বাঙালি বরণ করছে নতুন বছরকে।

Image
মঙ্গল শোভাযাত্রায় তনুকে স্মরণ

মঙ্গল শোভাযাত্রায় তনুকে স্মরণ

বাংলা নববর্ষ ঘিরে পুরনো দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে কুমিল্লার সর্বস্তরের মানুষ। প্রতি বছরের মতো এবারও সরকারি-বেসরকারি নানা উদ্যোগে বর্ষবরণ হয়েছে।

পহেলা বৈশাখে কুমিল্লা জেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল ৭টায় কুমিল্লা স্টেশন ক্লাবে জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে কুমিল্লা সদর-৬ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন যোগ দেন।

এরপর ভিক্টোরিয়া কলেজ থেকে শুরু হয়ে মঙ্গল শোভাযাত্রা স্টেশন ক্লাব এসে শেষ হয়। শোভাযাত্রায় তরুণ-তরুণীরা হাতে ড্রাগন, মোরগ, মুখোশ, প্ল্যাকার্ডসহ বাঙালির বিভিন্ন ঐতিহ্য ধারণ করে উল্লাসে মেতে ওঠে।

বেনাপোল প্রতিনিধি জানান, সীমান্ত জনপদ বেনাপোলে আড়ম্বরপূর্ণভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, গান, কবিতা ও পান্তা ইলিশের আয়োজন। সকাল সাড়ে ৯টায় শহরজুড়ে মঙ্গল শোভাযাত্রা হয়।

Image
নেত্রকোণা

নেত্রকোণা

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, নানা আনুষ্ঠানিকতায় বাংলা নববর্ষ উদযাপন হয়েছে চুয়াডাঙ্গায়। সকাল ৮টায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে সরকারি কলেজে এসে শেষ হয়।

কলেজে আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন ছিল। এতে অংশ নেয় জেলা শিল্পকলা একাডেমী, চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ ও সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী। সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা খাওয়ার আয়োজন ছিল।

ফরিদপুর প্রতিনিধি জানান, ভোর সাড়ে ৬টা থেকে শুরু করে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করেছে ফরিদপুরবাসী।

সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরে ফরিদপুর অম্বিকা মেমোরিয়াল মাঠে বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিকাল ৫টায় রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হয় বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু, কাবাডি ও লাঠি খেলা।

ঝালকাঠি প্রতিনিধি জানান, প্রভাতি অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা আর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বৃহস্পতিবার ঝালকাঠিতে নববর্ষকে বরণ করেছে সর্বস্তরের মানুষ।

সকাল সাড়ে ৬টায় শহরের শিশুপার্কের উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হয় প্রভাতি অনুষ্ঠানমালার। সকাল সাড়ে ৮টায় সেখান থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে।

Image
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ছাড়াও নানা শ্রেণি-পেশার শত শত মানুষ এতে অংশ নেয়। শোভাযাত্রায় বিভিন্ন ব্যানার আর ফেস্টুনে আবহমান বাংলার সংস্কৃতি তুলে ধরা হয়।

মঙ্গল শোভাযাত্রা শেষে উন্মুক্ত মঞ্চে বৈশাখের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

খুলনা প্রতিনিধি জানান, খুলনায় বর্ণাঢ্য নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রা, ইলিশ মাছ ছাড়া নানাবিধ খাবারের আয়োজন, বৈশাখী মেলাসহ বিভিন্ন আয়োজনে বর্ষবরণ করা হয়।

সকালে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান উপস্থিত ছিলেন।

এছাড়া মহানগর ও জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রায় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদসহ বিপুলসংখ্য দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে শামীম স্কয়ার মার্কেটের দলীয় কার্যালয়ে গরম ভাত, রুই মাছ, মুড়িঘণ্ট ও মিষ্টি দিয়ে সকলকে আপ্যায়িত করা হয়। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিশবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে খুলনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালি খাবার পরিবেশন করা হয়।

Image
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়

অপরদিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কে ও খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।

মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে বরণ করতে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় কালেক্টরেট ভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পুলিশ সুপার এহসান উল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী শহরের নোমানী ময়দানে তিন দিনের বৈশাখী মেলার উদ্বোধন করেন।

পহেলা বৈশাখকে বরণ করতে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অন্যদিকে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা।

নেত্রকোণা প্রতিনিধি জানান, নানা আয়োজনে নেত্রকোণায় বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে  সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। এ সময় রাখি বন্ধন ও দেশি খাবার পরিবেশনা করা হয়।

Image
গোপালগঞ্জ

গোপালগঞ্জ

Image
চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা

এরপর হয় শহরের সব সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সবার সম্মিলিত মঙ্গল শোভাযাত্রা। উৎসব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে শেষ হয়।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় বর্ণাঢ্য নানা আয়োজনে পালিত হয়েছে আবহমান কাল ধরে বাঙালি হৃদয়ে লালিত প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

বৃহস্পতিবার সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে দিনটির সূচনা করে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শহরের সিঙ্গার মোড় থেকে বের হওয়া শোভা যাত্রায় ঢোল, ডগর আর ব্যান্ড পার্টির তালে তালে সর্বস্তরের মানুষ নানা গ্রামীণ সংস্কৃতির প্রতীক ও উপকরণ হাতে করে অংশ নেয়। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার প্রলয় চিসিমের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্ত্বরে গিয়ে শেষ হয়।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কালেক্টরেট চত্বর থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। পাটকেলঘাটার রবীন্দ্র সদন থেকে শিশু-কিশোরদের শোভাযাত্রা হয়। একই রকম আয়োজন করে সাতক্ষীরা প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

রাজবাড়ী প্রতিনিধি জানান, উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উৎসব উদযাপিত হয়।

Image
গাজীপুর

গাজীপুর

সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আম্বর কানন চত্বর থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী শোভাযাত্রায় নেতৃত্ব দেন। পরে অফিসার্স ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় বৈশাখী সঙ্গীতানুষ্ঠান।

অনুষ্ঠান চত্বরে ছিল কুটির শিল্প, খই, মোয়া-মুড়কি, নাগরদোলা, কারুশিল্পের প্রদর্শনী ও জেলা প্রশাসকের বাসভবনে পান্তা ভাতের আয়োজন।

এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আজাদি ময়দান ও বকুলতলাসহ বিভিন্ন চত্বরে আয়োজন করছে সাংস্কৃতিক উৎসব।

সিলেট প্রতিনিধি জানান, সিলেটে বিপুল আনন্দ-উচ্ছ্বাস আর সাড়ম্বরে বরণ করা হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে। নতুন বছরকে বরণ করে নিতে উৎসবে মাতোয়ারা হয় সিলেট।

বর্ষবরণ উপলক্ষে রঙে রঙে সাজানো হয়েছে সিলেট শহর। নানা শ্রেণি-পেশার মানুষের পদচারণায় নগরজুড়ে বয়ে যায় উৎসবের আমেজ। বাংলা বছরের প্রথম দিনটিকে স্বাগত জানাতে যেন মানুষের ঢল নামে সিলেট নগরে।

অশুভকে বিতাড়িত করে নতুনের আবাহনে সিলেট নগরী শোভাযাত্রার আড়ম্বরে মুখর হয়।

Image
ফরিদপুর

ফরিদপুর

মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন, স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সকল শ্রেণি-পেশার মানুষ।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, ব্লু-বার্ড উচ্চবিদ্যালয়, সুরমার তীর ও শ্রীহট্ট সংস্কৃত কলেজসহ নগরীর অন্তত ৫০টি স্থানে বিভিন্ন সামাজিক-সাংষ্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ষবরণের অনুষ্ঠান।

অনুষ্ঠানের মধ্যে ছিল বাউলগানের আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, নৃত্য প্রভৃতি।

সকাল থেকে এসব স্থানে মানুষের ঢল নামে। তরুণ-তরুণীরা নানা সাজে সেজে নেচে-গেয়ে বরণ করে নেয় প্রাণের উৎসবকে।

জেলা প্রশাসন বাংলা নববর্ষ উদযাপন করেছে। সকালে জেলা প্রশাসনের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন।

সকাল ৯টায় জেলা প্রশাসনে উদ্যোগে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

সাংস্কৃতিক সংগঠন শ্রুতি নগরীর সুবিদবাজারে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে ছিল মাঙ্গলিক উদ্বোধন, আবৃত্তি, নৃত্য, বাউল গান ও দিনব্যাপী বৈশাখী মেলা।