২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

একরাম হত্যার সাক্ষ্য পেছাল  

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। 

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 05:43 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

বুধবার জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন থাকলেও সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি বলে জানান পিপি হাফেজ আহম্মদ।

তিনি বলেন, সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন ঘটনার প্রত্যক্ষদর্শী মেসার্স গোরফান এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী জাহিদ হোসেনের  আদালতে সাক্ষ্য দেওয়ার কথা ছিল।

“কিন্তু তিনি আদালতে উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ আদালতের কাছে সময় চায়। পরে বিচারক আগামী ৪ মে সাক্ষ্যগ্রহণের পরবর্তী  দিন রেখে আদালত মুলতবি ঘোষণা করেন।”

এর আগে দুপুরে এ হত্যা মামলার গ্রেপ্তার ৪৪ আসামির মধ্যে ৪৩ জনকে আদালতে হাজির করা হয়। প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার অনুপস্থিত থাকলেও তার পক্ষে হাই কোর্টের এক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার এ মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ হয়। ওই দিন সাক্ষ্য দেন মামলার বাদী ও একরামের ভাই রেজাউল হক জসিম। পরে আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।

২০১৪ সালের ২০ মে ফেনী শহরের বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

পরে নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। ওই বছর ২৮ অগাস্ট ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

এ মামলায় গ্রেপ্তারদের মধ্যে চারজন জামিনে আছেন। পলাতক আছেন ১২ আসামি।