২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

স্ত্রীর অধিকারের দাবিতে স্বামীর বাড়িতে তরুণীর অনশন

নওগাঁর আত্রাই উপজেলায় স্বামীর বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে এক তরুণী তিন দিন ধরে অনশন করছেন।

সাদেকুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 01:02 AM

Updated : 20 Aug 2022, 12:26 PM

বুধবার বিকেলে তারাটিয়া গ্রামের রেজাউল করিমের (৫৫) বাড়ির আঙিনায় গিয়ে দেখা গেছে, ওই তরুণী (২০) সোমবার সকাল থেকে বসে থাকলে কারও সাড়া পাচ্ছেন না।

তার বাড়ি পাশের রাণীনগর থানায়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১৫ সালের ২১ ডিসেম্বর রেজাউলের সাথে আমার বিয়ে হয়। এটা রেজাউলের দ্বিতীয় বিয়ে। আগের স্ত্রী রেজাউলকে তালাক দিয়ে অন্য জায়গায় বিয়ে করে সংসার করছে। তার গর্ভের একটি মেয়ে রয়েছে। তাকে দেখাশোনা করার জন্য পারিবারিকভাবে অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার বিয়ে হয়।

“আমি গত ৩১ মার্চ এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য আমার বাবার বাড়িতে যাই। গত সোমবার বাবার বাড়ি থেকে ফিরে আসার পর রেজাউল আমাকে তালাক দিয়েছেন বলে মৌখিকভাবে জানান এবং বাড়িতে প্রবেশে বাধা দেন।”

স্ত্রী হিসেবে স্বীকৃতি পেতে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান।

এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য স্থানীয় মো. নজরুল ইসলাম ফটিক জানান, স্থানীয়ভাবে গত সোম ও মঙ্গলবার দিনভর দফায় দফায় দেনদরবার করেও কোনো সুরাহা করতে না পারায় গ্রামবাসী পুলিশকে খবর দিলে আত্রাই থানার এসআই মো. মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন।

আত্রাই থানার ওসি মো. বদরুদ্দোজা বলেন, “বিষয়টি আমি শুনেছি। প্রায়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ প্রসঙ্গে রেজাউল করিমকে তার বাড়িতে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়।