জুয়া খেলায় বাধা দেওয়ায় স্ত্রীর পা ভাঙার অভিযোগ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ‘জুয়া খেলায় বাধা দেওয়ায়’ এক গৃহবধূর পা ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে।
সোমবার বিকালে আহত গৃহবধূ স্বপ্না বেগমকে (২০) পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় বলে আদিতমারী থানার ওসি আকতার হোসেন জানান।
স্বপ্না বারহাত কালী এলাকার হাফিজুল ইসলামের স্ত্রী ও কিসামত বড়াইবাড়ি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আবু তাহেরের মেয়ে।
স্বপ্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আড়াই বছর আগে বিয়ের সময় ব্যবসার কথা বলে আড়াই লাখ টাকা যৌতুক নেয় হাফিজুল।
“ওই টাকা জুয়ায় হেরে পথে বসে। আবারও শুরু হয় এক লাখ টাকা যৌতুকের আবদার। সকালে সে বাড়ি পাশে ব্রিজের নিচে জুয়া খেলার সময় আমি তাকে ডাকতে গেলে ক্ষিপ্ত হয়।”
পরে দুপুরে বাড়ি ফিরে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করলে স্বপ্নার ‘দুই পা’ ভেঙে যায় বলে তার অভিযোগ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুস সালাম শেখ বলেন, “স্বপ্না দুই পায়েই প্রচণ্ড আঘাত পেয়েছেন। পা এক্স-রে করার পর প্রকৃত অবস্থা বোঝা যাবে।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি আকতার হোসেন জানিয়েছেন।
