লক্ষ্মীপুরে ‘ইলিশ লুট’: তদন্ত প্রতিবেদন মঙ্গলবার
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ইলিশ লুটের অভিযোগের ঘটনা তদন্ত প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ করা হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
এক সদস্যবিশিষ্ট কমিটির তদন্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা একথা জানান।
তিনি শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী ও অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, তদন্তে ২০০ ইলিশের মধ্যে ৩০টি এতিমখানায় দেওয়া হয়েছে, ডিসি অফিসের মালি পাভেলের বাড়ির রিফ্রিজারেটরে ২৫টি ইলিশ মাছ পাওয়া গেছে।
“এছাড়া তার বাড়িতে ইলিশ মাছ বহনের চারটি ঝুড়িও পাওয়া গছে।”
কংকন চাকমা জানান, বৃহস্পতিবার রাতে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি ঘটনা করা হয়, যার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে।
“তদন্ত শেষে মঙ্গলবার রিপোর্ট জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে।”
গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিজেকে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সোহেল রানা আরও ৫/৬ জনসহ স্থানীয় মতিরহাট বাজার কোল্ড স্টোরেজ থেকে ২০০ ইলিশ নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
ওই মাছের বর্তমান বাজার দর প্রায় ৪ লাখ টাকা বলে কয়েকজন ব্যবসায়ীর দাবি।
এ ঘটনায় বৃহস্পতিবার হেলাল উদ্দিন পাটোয়ারী নামে এক ব্যবসায়ী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।
তবে ম্যাজিস্ট্রেট সোহেল রানার দাবি, তিনি ওই এলাকায় ঘুরতে গিয়ে মাছগুলো জব্দ করেন। পরে ৩টি এতিমখানায় বিতরণ করে দেন।
