তিন ভুয়া চিকিৎসককে কারাদণ্ড
নওগাঁর পত্নীতলা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত তিন ভুয়া চিকিৎসককে শাস্তি দিয়েছে।
পত্নীতলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহম্মেদ মঙ্গলবার তাদের এক বছর ৯ মাস করে কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানা করেন বলে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজিবুল ইসলাম রাজিব জানান।
তিন ভুয়া চিকিৎসক হলেন উপজেলা শহরের নজিপুর এলাকার আশা ক্লিনিকের বাবুল আক্তার (৫২), ময়েন উদ্দীন (৪৫) ও তার ছেলে দেলোয়ার হোসেন (২৭)।
চিকিৎসক রাজিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশা ক্লিনিকে সোমবার রাতে শিমুলিয়া গ্রামের মোকলেছুর রহমানের স্ত্রী মনোয়ারা বিবির (৬০) পিত্তথলিতে অস্ত্রোপচার করা হচ্ছিল।
“অস্ত্রোপচারকারীদের কারও চিকিৎসা সনদ না থাকায় তিনজনকে এক বছর ৯ মাস করে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ময়েনকে ৩০ হাজার এবং দেলোয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করে কারাগারে পাঠানো হয়।”
জরিমানা না দিলে তাদের আরও এক থেকে তিন মাস কারাভোগ করতে হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দেবাশীষ ও পত্নীতলা থানার এসআই আসাদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ময়েন উদ্দীন লিঙ্গ পরিবর্তন করে হিজড়া করাসহ নানা অপরাধে বেশ কবার কারাভোগ করেছেন বলে এলাবাসী জানিয়েছে।
