২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বন্যহাতির আক্রমণে নিহত ১

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সীমান্ত এলাকায় বন্যহাতিন আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 01:21 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

শনিবার দুপুরে উপজেলার অঘোরাম টিলার একাশি কাঠ বন এলাকায় সীমান্তের ১১০৪ নম্বর পিলারের জিরো পয়েন্টের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার এসআই খোকন চন্দ্র সরকার।

আনুমানিক ৪০/৪২ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।

এসআই খোকন বলেন, শনিবার সকালে সীমান্তবর্তী এলাকার ছাত্ররা স্কুলে যাওয়ার সময় বনের মধ্যে বন্যহাতির ডাক শুনতে পায়। পরে গ্রামবাসী বন্যহাতি তাড়াতে গিয়ে অঘোরাম টিলার কাছে ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

তিনি বলেন, “ওই ব্যক্তির বুকের হাঁড় ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।”

এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।