ভোলায় ভোট কেন্দ্রে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০
ভোলা সদরের রাজাপুর ইউনিয়নে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ৪ নম্বর ও ৬ নম্বর কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমান ও আওয়ামী লীগের বিদ্রোহী মিঠু চৌধুরীর সমর্থকদের এ সংঘর্ষ হয়।
ওই সময় এনটিভির ভোলা প্রতিনিধি আফজাল হোসেনের পায়ে রাবার বুলেট বিদ্ধ হয়। তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা থানার ওসি খায়রুল কবির জানান, ইউনিয়নের ৬ নম্বর কেন্দ্রে ওই দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
“পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ২০ রাউন্ড গুলি ছুড়েছে।”
ওসি আর বলেন, ৪ নম্বর কেন্দ্রে (রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) ওই দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
“ওই সময় পুলিশ রাবার বুলেট ছুড়লে এনটিভির ভোলা প্রতিনিধি আফজাল হোসেন আহত হন।”
এদিকে, নির্বাচনে প্রকাশ্যে জালভোট ও আওয়ামী লীগ প্রার্থীর এজেন্টদের প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দুই প্রার্থী।
এরা হলেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সিরাজ উদ্দিন ও লালমোহনের বদরপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী স্মৃতি বেগম সুমি।
এ দুই প্রার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাদের ভোট বর্জনের কথা নিশ্চিত করেন।
