মাগুরা জেলা প্রশাসনের ই-সেবা কেন্দ্রে অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ডে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের ই-সেবা কেন্দ্রের কয়েকটি কম্পিউটরসহ বেশকিছু মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানান।
জেলা প্রশাসক কার্যালয়ের নাজির হরষিত বিশ্বাস, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসকর্মীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় ই-সেবা কেন্দ্রের বন্ধ কক্ষের ভেন্টিলেটর দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, আগুনে ই-সেবা কেন্দ্রের চারটি কম্পিউটর, তিনটি স্ক্যানার, দুইটি প্রিন্টার, দুইটি এসি, আসবাবপত্র ও বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
কম্পিটারের সিপিইউ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান মনিরুজ্জামান।
ক্ষয়ক্ষতি অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি আইসিটি) সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান নাজির হরষিত বিশ্বাস।
