গাজীপুরে তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচিতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।
তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে দ্রুত তনু হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
কর্মসূচির অয়োজনে ছিল ‘একদল স্বেচ্ছাসেবক’ নামের একটি সংগঠন যারা ফেইসবুকে তনু হত্যার প্রতিবাদ করে আসছে।
সমাবেশে সংগঠনটির এক সদস্য নাজমুল হোসেন তার বক্তব্যে তনু হত্যায় দায়ীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
