২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘুর গোলাঘরে আগুন দেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি সংখ্যালঘু পরিবারের গোলাঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 12:10 AM

Updated : 12 Apr 2022, 01:44 AM

সোমবার ভোরে ভরনিয়া গ্রামের এ অগ্নিকাণ্ডে প্রায় ৮০ মণ খাদ্যশস্য পুড়ে গেছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন মালিক সূর্য্যমোহন রায়।

তিনি সাংবাদিকদের বলেন, রাত ৩টার দিকে বাড়ির উঠোনের পাশে গোলাঘরে হঠাৎ করে দাউ দাউ আগুন জ্বলে ওঠে। এ সময় আমাদের চিৎকারে এবং দূর থেকে আগুন দেখে গ্রামের লোকসহ আশপাশের গ্রামের লোকজন আগুন নিভাতে ছুটে আসে।

“ততক্ষণে গোলাঘরে রাখা প্রায় ৪৫ মণ গম, ২০ মন ধান ও ১৬ মণের মতো চাল পুড়ে যায়। গোলাঘরের টিনসহ আশপাশের গাছপালাও পুড়ে যায়।”

গোলাঘরের আশপাশে কোথাও রান্নাঘর বা আগুন জ্বলার উপকরণ নেই দাবি করে তিনি বলেন, কেউ ইচ্ছা করে আগুন না দিলে গোলাঘরে আগুন ধরার কোনো কারণ নেই।

তবে তিনি সন্দেহভাজন কারও নাম বলেননি।

বিষয়টি সকালে পুলিশকে জানালেও সন্ধ্যা পর্যন্ত পুলিশ সেখানে যায়নি বলে তিনি অভিযোগ করেছেন।

তবে রাণীশংকৈল থানার ওসি রেজাউল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন।

নির্বাচনের ব্যস্ততার কারণে এখনও সেখানে যেতে না পারলেও রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।