বড় ভাইকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
ছয় বছর আগে বড় ভাইকে গলা কেটে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ঝালকাঠির একটি আদালত। একই মামলায় আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিম এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের পিপি আব্দুল মান্নান রসূল।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন ওরফে আজমুল কাঁঠালিয়া উপজেলার উত্তর বাঁশবুনিয়া গ্রামের জিয়াউল হকের ছেলে। তিনি এখন পলাতক রয়েছেন।
যাবজ্জীবন দণ্ডিত বেল্লাল হোসেনকে একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে, যা অনাদায়ে তাকে আরও এক বছর সশ্রম কারাভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় বেল্লাল আদালতে উপস্থিত ছিলেন বলে জানান পিপি আব্দুল মান্নান।
মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ২৪ সেপ্টেম্বর রাতে পারিবারিক বিরোধের জেরে ঝালকাঠির কাঁঠালিয়ার উত্তর বাঁশবুনিয়া গ্রামের মোটরসাইকেল চালক মো. আলামীনকে (২২) গলা কেটে হত্যা করে সহোদর আজমুল ও তার সহযোগী বেল্লাল।
পরদিন সকালে বাড়ির কাছে রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের বাবা জিয়াউল হক বাদী হয়ে পরদিন কাঁঠালিয়া থানায় হত্যা মামলা করেন।
