সিলেটে শ্রমিককে পুলিশের মারধর: ২ ঘণ্টা সড়ক অবরোধ
মাইক্রোবাস চালকেকে পুলিশের মারধরের প্রতিবাদে দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।
সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহরের প্রবেশমুখ হুমায়ুন রশীদ চত্বরে এ অবরোধ করা হয়।
এ সময় সিলেট থেকে দেশের বিভিন্ন গন্তব্যের কয়েকশ যানবাহন আটকা পড়ে। দুইঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, রোববার রাতে একটি রোগীবাহী মাইক্রোবাসকে রিকুইজিশন করা নিয়ে চালককে মারধর করে একদল পুলিশ।
“এর প্রতিবাদে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে হুমায়ুন রশিদ চত্বরে অবরোধ করে পরিবহন শ্রমিকরা।”
মঙ্গলবারের মধ্যে দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বুধবার থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করা হবে বলে জানান শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক।
দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান জানান, পরিবহন শ্রমিকরা হুমায়ুন রশিদ চত্বরে অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়।
দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে দুই ঘণ্টা পর দুপুর ১২টায় আবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
