সৌদি আরবে দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
সৌদি আরব যাওয়ার দশ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার রাজধানী রিয়াদে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো.মামুন মিয়া (৩০) কসবা পৌর এলাকার গুরুহিত গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, গত ৯ মার্চ সৌদি আরবের ইয়ামামা বলদিয়া কোম্পানিতে যোগ দিতে দেশ ছাড়েন মামুন। শনিবার প্রথম তিনি কাজে যান।
কাজ শেষে কোম্পানির গাড়িতে করে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সংবাদ পেয়ে মামুনের বড় ভাই সৌদি আরব প্রবাসী মো. কামাল মিয়া ঘটনাস্থলে যান এবং মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে জানান।
মামুনের মা রাজিয়া খাতুন ও স্ত্রী পারভীন আক্তার সাংবাদিকদের বলেন, সৌদি আরব যাওয়ার আগে মামুন কসবায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। জমি বিক্রি করে ১০ দিন আগে তিনি সৌদি আরব যান।
মামুনের বাড়িতে বৃদ্ধা মা রাজিয়া খাতুন, অন্ত্বঃসত্ত্বা স্ত্রী পারভীন আক্তার, মেয়ে বীথি আক্তার, লামিয়া আক্তার ও ছেলে মো. বায়েজিদ রয়েছে।
