চরফ্যাশনে গুলিবিদ্ধ হরিণ শাবক উদ্ধার
ভোলার চরফ্যাশনে গুলিবিদ্ধ অবস্থায় একটি মায়া হরিণের শাবক উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে উপজেলার চরমানিকা ইউনিয়নের চর লক্ষ্মী এলাকা থেকে হান্নান গাছী নামে এক জেলে হরিণ শাবকটি উদ্ধার করেন বলে চরফ্যাশন রেঞ্জের চরমানিকা বিট কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান।
পরে প্রাথমিক চিকিৎসা শেষে বেলা ১১ টার দিকে স্থানীয় ইসলামের বাগানে হরিণ শাবকটি অবমুক্ত করা হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে খলিলুর বলেন, “সকালে খবর পেয়ে আমার দুই সহকর্মী চরলক্ষ্মী এলাকা থেকে হরিণ শাবকটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
“আনুমানিক তিন বছর বয়সী হরিণ শাবকটির উচ্চতা ৩ ফুট বলে জানান তিনি।
স্থানীয় চরকুকরী মুকরী, চর পাতিলা, চর ইসলাম বাগান থেকে চোরাই শিকারীরা হরিণ শাবকটিকে ধরতে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় নদী পার হয়ে শাবকিট লোকালয়ে চলে আসে ধারণা এ বন কর্মকর্তার।
বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিন জানান, চরফ্যাশনের বিভিন্ন বনে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ হাজার হরিণ রয়েছে। চোরা শিকারীর হাতে প্রায়ই এ সব হরিণ প্রাণ হারায় ।
