কক্সবাজারে নবম গণিত অ্যাবাকাস প্রতিযোগিতা
‘শিশুদের ইতিবাচক দৃষ্টিভঙ্গিসম্পন্ন ও পরিকল্পিত মানুষ হিসেবে গড়ে তুলতে’ কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে গণিত অ্যাবাকাস প্রতিযোগিতা।
শুক্রবার সকালে শহরের মোটেল জোন এলাকায় একটি হোটেলের অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন কুতুবদিয়া-মহেশখালী আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
প্রতিযোগিতা আয়োজন করে অ্যাবাকাস লার্নিং অব হায়ার অ্যারিথমেটিকস (অ্যালোহা) বাংলাদেশ ।
অনুষ্ঠানে অ্যালোহা বাংলাদেশের চেয়ারম্যান মো. সাইফুল করিম বলেন, “শিশুদের মনোবিকাশে গণিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণিতের সূত্র ও সমস্যাবলি অনুশীলনের মাধ্যমে মানবশিশুর চিন্তন ও অনুধাবনের জগতে আমূল পরিবর্তন ঘটে। মানুষের মস্তিষ্কের পরিপূর্ণ ব্যবহার সম্ভব হয় গণিতের যথাযথ অনুশীলনের মাধ্যমে।
“পৃথিবীর উন্নত দেশসমূহে রয়েছে গণিত শিক্ষার আকর্ষণীয় ও আনন্দদায়ক একাধিক পদ্ধতি। এর মাধ্যমে শিশুরা খেলার আনন্দ নিয়ে আত্মস্থ করে গণিতের জটিল নিয়ম-কানুন। ভয়ভীতি নয়, আনন্দময় বিনোদন সঙ্গী হিসেবে তারা আকর্ষণীয় অ্যাবাকাস পদ্ধতি গ্রহণ করে।”
অ্যালোহা বাংলাদেশ পরিচালিত ৩৬টি কেন্দ্রের ৯৫২ জন শিশুশিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিয়ে পাঁচ মিনিটে ৭০টি সমস্যার সমাধান করে। বিজয়ী ১৪২ প্রতিযোগীকে দেওয়া হয় সনদ ও পুরস্কার।
বিকালে হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যালোহা ইন্টারন্যাশনাল মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা লহ মং সান, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হায়দার চৌধুরী, পরিচালক মোহাম্মদ শামসুদ্দিন প্রমুখ।
